
স্টাফ রিপোর্টার | জামালপুর
একাধিক প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম আলমের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার তাকে আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্ত, তথ্য যাচাই এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তের স্বার্থে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন, বিভিন্ন ভুক্তভোগীর তথ্য, এবং চক্রের সম্ভাব্য অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।
এর আগে তার বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভনে টাকা আত্মসাৎ, একাধিক নারীর সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে একাধিক মামলা দায়ের হয়। এসব মামলার তদন্ত বর্তমানে চলমান রয়েছে।
আদালতের এ আদেশের পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো প্রতারণা চক্রের রহস্য উন্মোচিত হবে এবং প্রকৃত দোষীরা আইনের আওতায় আসবে।