
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবাসহ সাংবাদিক পরিচয়ধারী এক ব্যক্তিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরের ছেলে মোহাম্মদ আনোয়ার (৫৬) বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (২৫ মে) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় বিজিবি। হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটিকে থামার সংকেত দেন। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরী’ তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।
বিজিবির ভাষ্যমতে, মাইক্রোবাস চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তল্লাশিতে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং কর্তব্যরত সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তিনি জোরপূর্বক গাড়ি চালিয়ে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে পেছনের সিটের কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে সাংবাদিক পরিচয়ের দুটি আইডি কার্ডও জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আনোয়ার স্বীকার করেছেন যে, তিনি হ্নীলা এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তকে নিরাপদ রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।