
আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় হ্নীলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কামাল আহমদ সভাপতিত্ব করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন সঞ্চালনা করেন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি মো. রফিকুল ইসলাম মেম্বার, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মারুফা সোলতানা, অভিভাবক মনিরুল ইসলাম, হুমায়ুন রশিদ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মর্জিয়া খানম, শিক্ষানুরাগী উম্মে সালমা, অভিভাবক দিলারা বেগম, ফাতেমা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সভায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সরকারি বিধিমালা অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রবাল শর্মাকে সভাপতি, মনিরুল ইসলামকে সহ-সভাপতি এবং প্রধান শিক্ষক কুতুব উদ্দিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
এছাড়া কমিটির অন্যান্য সদস্য হিসেবে কামাল আহমদ, মারুফা সোলতানা, মো. রফিকুল ইসলাম, মর্জিয়া খানম, উম্মে সালমা, হুমায়ুন রশিদ, দিলারা বেগম ও ফাতেমা বেগম মনোনীত হন।
কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি প্রবাল শর্মা তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।