
আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৩০ প্যাকেট গোশত বিতরণ করা হয়েছে।
চেয়ারম্যানের পক্ষ থেকে স্থানীয় সমাজসেবক আবদুর রহমানের উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আশ্রয়কেন্দ্রে বসবাসরত হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে এসব গোশতের প্যাকেট তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। বিশেষ করে ঈদের সময় এ ধরনের সহায়তা দরিদ্র পরিবারের মাঝে আনন্দ ও স্বস্তি এনে দেয়।
গোশত বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা চেয়ারম্যান ও আবদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।