
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁরপ পোরশা উপজেলায় নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মো. আব্দুল্লাহ (১০) নামে এক প্রবাসী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোসা. রহিমা খাতুন (১৪) নামে আরও এক কিশোরী আহত হয়েছে।
বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার পোরশা হাটখোলাপাড়া (ইটা পুকুর) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আব্দুল আহাদের ছেলে। তার বাবা একজন সৌদি প্রবাসী। আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে পোরশা হাটখোলাপাড়া গ্রামে তার নানার বাড়িতে বসবাস করে আসছিল। আহত রহিমা খাতুন একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং নিহত আব্দুল্লাহর আপন খালাতো বোন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে আব্দুল্লাহ ও রহিমা ঘুমিয়ে ছিল। গভীর রাতে একটি বিষাক্ত সাপ তাদের কামড় দেয়। টের পেয়ে পরিবারের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়।
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, শিশু আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। অন্যজন (রহিমা) শারীরিকভাবে সুস্থ আছেন। তবে সাপের কামড়ের আতঙ্কে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে।