
আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী গুইজারখাল এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় ১০টা ৪০ মিনিটে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি নন-লেথাল অস্ত্র থেকে এক রাউন্ড প্রাণঘাতী নয় এমন গুলি নিক্ষেপ করলে তারা সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত সফল অভিযান পরিচালনা করে আসছে। বিজিবির এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমে আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।