
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিজের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল উপজেলা শাখার আহ্বায়ক মিশর আহমেদ। উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামের একটি ব্যবসা প্রতিষ্টানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মিশর আহমেদ অভিযোগ করেন, গত ৩১ মে দৈনিক আলোর সকাল অনলাইন পোর্টালে তাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয়েছে যে তিনি একটি জমির সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন।
মিশর আহমেদ বলেন, প্রকাশিত সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত| একটি সত্যান্বেষী মহল তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
মিশর লিখিত বক্তব্যে আরও জানান, তার বড় ভগ্নিপতি খোরশেদ আলম ২০১৪ সালে আবুল কালাম নামে এক ব্যক্তির কাছে ১৩ শতক জমির মধ্যে ৬ শতক বিক্রি করেন। গত ২৯ মে তার ভগ্নিপতির অবর্তমানে (মৃত্যুজনিত) পরিবারের পক্ষ থেকে মিশর দলিল অনুযায়ী ওই জমি আবুল কালামকে বুঝিয়ে দেন।
গত ৩০ মে সকালে ওয়ারেশ নামের এক ব্যক্তি মিশরকে ফোন করে জানান যে, তার (ওয়ারেছ) জমি জোরপূর্বক দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন মোশারফ। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে সেখানে কয়েকজন স্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে তিনি মোশারফের বিরূপ আচরণের শিকার হন এবং সেখান থেকে চলে যান।
মিশর আহমেদের দাবি, ওইদিন বিকেলে নিজেকে আলোর সকাল পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাকে পুরো ঘটনা জানান এবং চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা তদন্তের অনুরোধও জানান।
কিন্তু পরদিন ৩১ মে অনলাইন পোর্টালটিতে প্রকাশিত প্রতিবেদনে এক নারী তার বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন। এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন, অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।
তিনি বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই একতরফাভাবে সংবাদ প্রকাশ করায় তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিনি ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
সংবাদ সম্মেলনে মিশর আহমেদ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সত্যতা যাচাই করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।