
রাজশাহী, ব্যুরো চিফ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও মহানগরীকে আরও সবুজ, বাসযোগ্য এবং নান্দনিক করে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
রাসিক সূত্রে জানা গেছে, চলতি বছরে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক, আইল্যান্ড, উন্মুক্ত স্থান ও গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় আড়াই লাখ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এ কর্মসূচির জন্য প্রায় ৫৩ হাজার গাছের চারা সংগ্রহ করা হয়েছে। বর্ষা মৌসুমজুড়ে পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও ব্যাপক সবুজায়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সড়ক ও আইল্যান্ডে পরিবেশবান্ধব ফুলের গাছ, পাম গাছসহ নান্দনিক ও আধুনিক প্রজাতির বিভিন্ন গাছ রোপণ করা হবে। এর মাধ্যমে নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব গাছ বড় হয়ে উঠলে নগরবাসী এর বহুমুখী সুফল ভোগ করবেন। বিশেষ করে ক্রমবর্ধমান তাপমাত্রা ও তীব্র তাপদাহ মোকাবিলায় বৃক্ষরাজি কার্যকর ভূমিকা পালন করবে।
রাজশাহীকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এবং নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, পরিচ্ছন্ন ও পরিবেশ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।