
জুলফিকার আলী,নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
স্মৃতিচারণ, গান, কবিতা আর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন (পুনর্মিলনী) ২০২৬ অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। গত ৩০ মে সকাল থেকেই কলেজ ক্যাম্পাস প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
দিনব্যাপী এই উৎসবের সূচনা হয় সকাল সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়া একটি বর্ণাঢ্য শোভাযাত্রার (র্যালি) মাধ্যমে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ চত্বরে এক আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের একটি মহতী উদ্যোগে, বিভাগের পক্ষ থেকে একজন অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য প্রায় ৫২ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহেদ মোস্তফা চৌধুরী।
”পুরনো বন্ধুদের সাথে আবার মিলিত হতে পেরে এবং প্রিয় ক্যাম্পাসে ফিরে আসতে পেরে প্রাক্তন শিক্ষার্থীরা আবেগআপ্লুত হয়ে পড়েন। বর্ণিল এই আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—
প্রফেসর (অব:) লিয়াকত পারভেজ, প্রাক্তন অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ।
প্রফেসর আহসান হাবিব, বিভাগীয় প্রধান (হিসাববিজ্ঞান বিভাগ), বাগেরহাট পিসি কলেজ।
সাহিনা সুলতানা, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, সাতক্ষীরা সরকারি কলেজ।
মহিতোষ কুমার নন্দী, সহকারী অধ্যাপক।
আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ব্যাচভিত্তিক পরিচিতি পর্ব। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মেহেদী হাসান, কাজী নাজমুল আহসান জনি, জুবায়ের আলম, জিয়াউর রহমান, মাহবুবুল হক ও শরীফ উল্লাহ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন রিইউনিয়ন উদযাপন কমিটির সদস্য সচিব নাজমুল হক, অ্যাডভোকেট এম এম বাযেজিদ রনি, আনিছুর রহমান আনিচ এবং কুহেলী। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে।