
মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী :
নরসিংদী জেলা ছাত্রদলের বহুল প্রতীক্ষিত ৩৮৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অবশেষে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরদিন শনিবার কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ছিদ্দিকুর রহমান নাহিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান রিফাত। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন মনোহরদী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কৃতি সন্তান মুহাসিন কবির। তার এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় মনোহরদী উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ এলাকাবাসীর মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব হিসেবে মুহাসিন কবির ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা এবং দলীয় কর্মকাণ্ডে নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে এ পদে মূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
মনোহরদী পৌরসভার ৪ নং ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নরসিংদী জেলা ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর ঘোষিত এ পূর্ণাঙ্গ কমিটিতে মোট সদস্য সংখ্যা ৩৮৬ জন। এতে ৪৭ জন যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও সাংগঠনিক পদে বিপুল সংখ্যক নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এ কমিটির মাধ্যমে জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন