
মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় সোনাইপুল চেকপোস্ট এলাকায় সড়ক পরিবহন আইন অমাণ্য করে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ৪টি সিএনজি চালিত অটোরিকশাকে জরিমানা করেছে রামগড় থানার পুলিশ।
গতকাল বুধবার ৩ জুন বিকালে রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, সিএনজি অটো রিকশাগুলো নির্ধারিত ক্ষমতার চেয়ে অধিক যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছিল। সোনাইপুল পুলিশের চেকপোস্ট তল্লাশিকালে এই অনিয়ম হাতেনাতে ধরা পড়ে। পরে সড়ক পরিবহন আইন অনুযায়ী সিএনজি গাড়ি ৪টির বিরুদ্ধে মামলা দায়ের করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।