
শব্দজল
— আব্দুল হামিদ সরকার
শব্দ জলের তরঙ্গে দোলে মোর হিয়া
শব্দগুলো সুপারগ্লু আঠার মতো
লেপ্টে থাকে মননে আঁখিতে
আর জিহবার অগ্রভাগে—।
আমাকে ভীষণ ভালোবেসে
মস্তিষ্কে আর কলমে করে ভর,
যা থেকে সৃজন হয় শব্দের অট্টালিকার সিঁড়ি –।
যে সিঁড়িতে কদম ফেলে দেখি – প্রকৃতি
পাহাড় ঝর্না আর আবির রঙের আকাশ
উড়ন্ত বলাকা, গোলাপ কদম্ব
আর চেরিফুলের প্রেমবাগান—-।
আমি শব্দের জলেই করি বসবাস
আসক্ত হই শব্দগুলোর প্রেমে
আর তাদের গাঁথুনীতে কবিতা করি সৃজন
কারণ — আমি কবিতার মানুষ
কবিতা আমার প্রাণ—-।
মনের দাবানলে আর শরীর ইনজুরিতেও
কবিতা লেখার প্রয়াস হয় না দমিত –,
আমার শব্দ জলের সাথে প্রেম যেমন,
আবার দ্রোহও তেমন —।
তাই দ্রোহের নিশান উড়িয়ে হারিয়ে
যেতে চাই শব্দ জলের ওপারে নিঝুম পায়ে,
কিন্তু শব্দগুলো শিকলবন্দী করে রাখে আমায় –।
আমার জামার আস্তিনে রাখা
কলম আর কাগজে গিজগিজ করে শব্দগুলো
আর তাদের ইঁট সুরকি বানিয়ে
কবিতার প্রাসাদ করি নির্মাণ—-।
তাই রোজই লিখি কবিতা শব্দজলের বাতায়নে
আর হৃদয় সিক্ততার আবাহনে –
আমি কবি কিনা জানিনা —-।
(২০/৫/২৬)