
টেকনাফ প্রতিনিধি,
কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশার ইঞ্জিন বক্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। এ সময় তার কাছ থেকে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি স্মার্টফোন।
গ্রেফতারকৃত ব্যক্তি সৈয়দ আলম (৪৮), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা কোনাপাড়া স্টেশন গলি এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।
র্যাব-১৫ জানায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২ জুন বিকেলে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সিএনজি অটোরিকশায় করে ইয়াবার একটি বড় চালান টেকনাফ সদরের দিকে আনা হচ্ছে।
পরে বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালক সৈয়দ আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজির পিছনের ইঞ্জিন বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবা, সিএনজি অটোরিকশা ও মোবাইল ফোনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধ, মাদক সিন্ডিকেট নির্মূল এবং চোরাচালান প্রতিরোধে র্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।