
আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলম (৩৮)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
শুক্রবার (৩ জুলাই) র্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুলাই রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে র্যাব-১৫ এর সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাস্টার শুক্কুর আলম উখিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক-সি/৪ এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, কক্সবাজার অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।