
নুর মুহাম্মদ, কক্সবাজার:
সারাদেশের ন্যায় কক্সবাজার জেলাতেও আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড)। এ উপলক্ষে ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও সফল বাস্তবায়ন নিশ্চিত করতে কক্সবাজারে একটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ইপিআই কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের। সভায় জেলা প্রশাসক, জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জেলার ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আইইউ) খাওয়ানো হবে।
এ্যাডভোকেসি সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, আন্তঃবিভাগীয় সমন্বয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে ক্যাম্পেইনের শতভাগ সফলতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলার প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় এনে অপুষ্টি ও ভিটামিন ‘এ’ ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব হবে।