
স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): কবির মোঃ সামছুল আলম ।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বর্তমানে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
গতকাল (২৯ এপ্রিল) পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি হাসপাতালে গিয়ে সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গনমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে তিনি জানান, “সারজিস আলম এখন অনেকটাই সুস্থ আছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি আমার জেলার একজন তরুণ। তার সুস্থতা কামনায় আমি দোয়া করছি—তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন।”
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে সারজিস আলমকে দ্রুত ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
সন্ধ্যার পর নির্ধারিত সময়ে তার অস্ত্রোপচার শুরু হয় এবং তা সফলভাবে সম্পন্ন হয়। এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে সারজিস আলম চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।