
নিজস্ব প্রতিনিধি, কচুয়া (বাগেরহাট):আয়শা সিদ্দিকা বুলু
বাগেরহাটের কচুয়ায় যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমির সালমান রনির সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস প্রমুখ।
আলোচনা সভায় অতিথির বক্তব্যে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ অভিযোগ করে বলেন, আজকের এ ধরনের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রোগ্রামে তরুণ সমাজ ও কোমলমতি শিশুদের উপস্থিতি না থাকাটা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, “এখনো ফ্যাসিস্টরা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থেকে জাতিকে ৭ই নভেম্বরের সঠিক ইতিহাস ও গুরুত্ব জানতে দিচ্ছে না।”
এদিকে, জাতীয় এই গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনে উপজেলা প্রশাসন সকলের সাথে যথাযথ সমন্বয় না করে কেবল নির্দিষ্ট কিছু কর্মকর্তাকে নিয়ে দায়সারাভাবে অনুষ্ঠান সম্পন্ন করেছে বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা হয়।এছাড়াও উন্নত মানের খাবার পরিবেশন, দেশাত্মবোধক গানের আসর এবং একটি প্রীতি ফুটবল ম্যাচ প্রদর্শনীর আয়োজন করার কথা রয়েছে।