
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে রাতভর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে জৈন্তাপুর থানাধীন হরিপুর এলাকায় পৃথক পৃথক সময়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাদ উদ্দিন (৪৮)। তিনি হরিপুর ধলইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে। ৫নং ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান (৪৫)। তিনি উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)। তিনি শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।