
নিজস্ব প্রতিবেদক: আবু মুসা
সাংবাদিক জসিম উদ্দিন টিপু ও আবুল কাশেমকে একটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সচেতন মহল।
বিবৃতিতে বলা হয়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা কিংবা মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির চেষ্টা স্বাধীন গণমাধ্যমের জন্য গুরুতর হুমকি। এ ধরনের কর্মকাণ্ড শুধু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং জনগণের তথ্য জানার অধিকারকেও ক্ষুণ্ন করে।
বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে এবং সাংবাদিক জসিম উদ্দিন টিপু ও আবুল কাশেমের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও অনাকাঙ্ক্ষিত চাপ প্রয়োগের পরিবর্তে আইনের শাসন, ন্যায়বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।