
যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেছেন, ৩১শে অক্টোবরের এই লংমার্চ কেবল জামায়াতের কোনো নির্দিষ্ট দাবি আদায়ের জন্য নয়, বরং দেশের সর্বস্তরের জনগণের ন্যায্য দাবি আদায়ের সংগ্রাম। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও তাদের সার্বিক দাবি-দাওয়া আদায়ের উদ্দেশ্যেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তাই দেশের সাধারণ মানুষের স্বার্থরক্ষায় এই কর্মসূচিকে সফল করা অত্যন্ত জরুরি।
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরিফ হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ আব্দুল করিম, যুব জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদ রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুল, প্রচার ও মিডিয়া সম্পাদক আশিকুল ইসলাম এবং অফিস সম্পাদক শরীফ বেলাল হুসাইন।
প্রস্তুতি সভায় সংগঠনের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করার জন্য সর্বস্তরের জনসাধারণ ও নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।