
স্টাফ রিপোর্টার:- আল ইমরান
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগান ও পথচারীকে মারধরের অভিযোগে ১২১ জনের নাম উল্লেখ করে মামলা রুজু করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার থানায় এজাহার দায়ের করেন মোঃ বিল্লাল খাঁন (৪১), পিতা- আঃ রউফ খাঁন, সাং- কাগদী, পোঃ- জোনাসুর, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪/০৯/২০২৬ তারিখ আনুমানিক বেলা ১১:৩০ ঘটিকার সময় কাশিয়ানী থানাধীন ফুকরা ইউনিয়নের ভুলবাড়িয়া সাকিনে রামদিয়া হতে ঢাকা-খুলনা গামী মহাসড়কের দিকে যাওয়ার পাকা সড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনা করে বর্তমান বৈধ সরকারের বিরুদ্ধে ঘৃণাবোধ সৃষ্টি এবং জনমনে ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে “জয় বাংলা” ও “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে” স্লোগান দিয়ে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। এতে মহাসড়কে চলাচলরত যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এ সময় গোপালগঞ্জ সদর থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা বাদীকে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে সাধারণ জখম করেন। পরে তিনি জীবন রক্ষার্থে দৌড়ে পালাতে সক্ষম হন।
এজাহারে ১২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন – ১নং আজাদ মুধা, ২নং সুমন মুন্সী, ১৪নং কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, ২১নং খায়েরুজ্জামান খায়ের সহ-সভাপতি কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ, ২৪নং তারেক শেখ সহ-সভাপতি ঢাকা মহানগর ছাত্রলীগ, ৫০নং মোঃ বাবুল শেখ সাধারণ সম্পাদক টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, ৫১নং তানিয়া হক শোভা যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুব মহিলা লীগ, ৫৫নং সাবেক মেয়র মতিয়ার রহমান হাজরা, ১১৯নং বদরুল আলম বদর যুগ্ম সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। এছাড়া কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসামি হিসেবে রয়েছেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, _”সড়ক অবরোধ ও মারধরের অভিযোগে ১২১ জনের নামে মামলা রুজু হয়েছে। বিষয়টি তদন্তাধীন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”