
মোহাম্মদ সবুর শেখ, ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
খুলনার ফুলতলায় বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্সসহ বৈধ কাগজপত্র যাচাইয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে একটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফুলতলা উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফুলতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এবং সহকারী সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আরাফাত।
অভিযানকালে ফুলতলার শতাব্দী ডায়াগনস্টিক সেন্টারে বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযান চলাকালে ইউএফএস ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ পাওয়া যায়। এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অভিযানের সময় গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে, এ গফুর মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে ওঠা বিভিন্ন অভিযোগ আজকের অভিযানে যাচাই বা নিষ্পত্তি করা হয়নি। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অভিযোগগুলোর বিষয়ে সঠিক তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কর্মকর্তারা আরও জানান, বুধবারের অভিযানটি মূলত প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স ও অনুমোদন যাচাইকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অন্যান্য অনিয়মের অভিযোগের বিষয়ে পরবর্তীতে আলাদাভাবে অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু কাগজপত্র যাচাই নয়—স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর চিকিৎসাসেবার মান, অনুমোদন ও রোগীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও নিয়মিত তদারকির আওতায় আনা হোক।