
মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী থেকে জাতীয় পর্যায়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময়ে দেশের বিভিন্ন উপজেলা থেকে এ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।
মনোহরদীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হক, কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও আমিনুর রহমান সরকার দোলন।
অনুষ্ঠানে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সরকারি সহায়তা ও কৃষি উপকরণ সহজে পৌঁছে দেওয়ার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। সরকারি তথ্য অনুযায়ী, এ কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, সেচ সুবিধা এবং কৃষি প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ থাকবে।
উল্লেখ্য, চলতি বছর দেশের ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর দ্বিতীয় ধাপের পাইলটিং কার্যক্রমে ১ লাখ ৪৭ হাজার কৃষকের মধ্যে কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।