
মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জে ধোপাজান নদীর ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোকে সরকারি উদ্যোগে পুনর্বাসন এবং আর্থিক সহায়তা প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় ধোপাজান নদীর প্রবেশমুখে সদরগড়ের পশ্চিম পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুরমা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মোছাঃ তানজিনা বেগমের সভাপতিত্বে এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আফসান পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা কামাল, মনিরুজ্জামান মাসুদসহ আরও কয়েকজন। বক্তারা বলেন, ধোপাজান নদীর ভাঙনে নদীতীরবর্তী এলাকার বসতবাড়ি, জমিজমা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। ভাঙনের কারণে অনেক পরিবার বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপনের আশঙ্কায় রয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
তারা আরও বলেন, নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করা না হলে এলাকার আরও পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সাময়িক পদক্ষেপের পরিবর্তে পরিকল্পিতভাবে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। একই সঙ্গে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে সরকারি উদ্যোগে পুনর্বাসন এবং আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরেজমিন পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।