
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার এস.কে ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে স্থানীয় ঐতিহ্যবাহী বেজিয়াতলা লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুরআন তিলাওয়াত, সাধারণ জ্ঞান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টার সময় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও পুরস্কার বিতরণ হিসেবে উপস্থিত ছিলেন এস.কে ডায়াগনস্টিক সেন্টারের সুযোগ্য পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান হাবিব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষামূলক বক্তব্যে তিনি বলেন, কুরআন তিলাওয়াত ও ইসলামী শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞানে মুন্সিয়ানি অর্জন করে আজকের এই কোমলমতি শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিকতা, সততা এবং দেশপ্রেমই হলো প্রকৃত শিক্ষার মূল ভিত্তি। আজকের এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছ, তাদের অভিনন্দন। আর যারা বিজয়ী হতে পারোনি, হতাশ না হয়ে আরও বেশি মনোযোগী হতে হবে। তোমাদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে আমাদের এই ধরনের কল্যাণমূলক সহায়তা সবসময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাঁর এই যুগোপযোগী ও উৎসাহব্যঞ্জক বক্তব্য উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দারুণভাবে অনুপ্রাণিত করে। মাদ্রাসার হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতায় বেজিয়াতলা লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ইমরান হোসেনের সভাপতিত্বে ও দিকদর্শন টিভির পরিচালক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদা মনের মানুষ খ্যাত মো. সায়েদ আলী সহ আরও অনেকে।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২ জন কৃতি শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি এস.কে ডায়াগনস্টিক সেন্টারের সুযোগ্য পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান হাবিব’র পক্ষ থেকে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মধ্যে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা এবং মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা পৌর সদরের ৯নং ওয়ার্ডের হাজিরালী গ্রামে এক দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুবাদে সংঘবদ্ধ চোর চক্র গ্রিল ও ঘরের তালা ভেঙে নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় চার লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় টের পাওয়া এক প্রবীণ নারীকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় চোরেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে আশিকুজ্জামান পলাশ তাঁর মা মোসা. সুফিয়া খাতুনকে (৬৫) বাড়িতে রেখে সপরিবারে মাগুরা জেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে ওই দিন রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোর চক্র বাড়ির মূল গেটের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের তালা ভেঙে আলমারি, শোকেস ও ফাইল কেবিনেট তছনছ করে নগদ ২ লাখ টাকা, ১টি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল, ১টি আংটি, ১টি নাকফুল এবং উন্নত মানের ৩টি শাড়ি নিয়ে যায়। বাড়িতে একা অবস্থানরত মোসা. সুফিয়া খাতুনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ফজরের আজান দিলে নামাজ পড়ার জন্য উঠে পাশের ঘর থেকে ঠকঠক আওয়াজ শুনতে পাই। ওই ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ানোর আগেই এক ব্যক্তি ঘর থেকে বের হয়ে আমাকে সজোরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয় এবং তালা ভাঙা গেট দিয়ে পালিয়ে যায়। আবছা অন্ধকার থাকায় আমি তাকে চিনতে পারিনি। এলাকাবাসীর অভিযোগ, গ্রামের অল্প কিছু লোক মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বহিরাগতরা এসে এলাকায় অবাধে যাতায়াত করছে। এর ফলেই সম্প্রতি এ ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।
ভুক্তভোগী আশিকুজ্জামান পলাশ জানান, এ ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনকারী থানার এসআই (নিঃ) তাপস কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোর চক্রের ফেলে যাওয়া ১টি স্যালাইরেন্স, ১টি প্লাস, ১টি হাতুড়ি, ২টি ভোমর ও একজোড়া জুতা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।