
আশাশুনি প্রতিনিধি।।আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামি ও পরোয়ানাভুক্ত দুই সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আশাশুনি থানার মামলা নং-২৩ (তারিখ ২৩ জুন ২০২৬) সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারার মামলার আসামি বাটরা গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে ওসমান গনি সরদার (৩৭)। তিনি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার তথ্যবিষয়ক সম্পাদক বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে কচুয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে মো.মনিরুজ্জামান ওরফে মনি (পরোয়ানা জারি-৪৪৯/২৫) এবং জেলেখালী গ্রামের মো.আসাদুর রহমানের ছেলে মো.জাহাঙ্গীর আলম (সিআর-৯৯/২৩)।
পুলিশ জানায়,বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ অবস্থান থেকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রেপ্তারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।##