1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান, অনলাইন জুয়া ও মাদক কারবারের অভিযোগ; নেপথ্যে কারা?

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রুমান মিয়া (৩০)-এর বিরুদ্ধে অনলাইন জুয়া পরিচালনা, মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও বর্তমানে নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

তাঁর এমন প্রকাশ্য চলাফেরা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও নানা প্রশ্ন। রুমান মিয়া সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সদস্য এবং আরামনগর কামিল মাদরাসা ছাত্রলীগের সভাপতি ।

স্থানীয়দের অভিযোগ, কয়েকজন বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে তিনি এলাকায় আবারও প্রভাব বিস্তার করছেন। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, এলাকাবাসী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সদস্য এবং ২০১৮ সালে আরামনগর কামিল মাদরাসা ছাত্রলীগের সভাপতি পদ পান রুমান মিয়া। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে নানা অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে।

বিএনপি নেতাকর্মীদের মারধর এবং পৌরসভা নির্বাচন চলাকালে আরামনগর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।রুমান মিয়া সরিষাবাড়ী পৌর এলাকার চর ধানাটা গ্রামের শামছুল হকের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, ২০২০ সাল থেকে তিনি 1xBet অনলাইন বেটিং সাইটের এজেন্ট হিসেবে কার্যক্রম শুরু করেন। ‘RX Road 24/7’ নামসহ একাধিক পরিচয়ে অনলাইন জুয়ার এজেন্ট পরিচালনা করতেন তিনি। এ ছাড়া চাঁদাবাজি, অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির জমি দখল, থানায় তদবির এবং সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান রুমান। তবে স্থানীয়দের অভিযোগ, পরবর্তীতে একটি পক্ষের সঙ্গে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে সখ্য গড়ে তুলে এলাকায় আবারও সক্রিয় হন তিনি।

এরপর পুনরায় অনলাইন জুয়া পরিচালনা ও নিজ বাড়িতে ইয়াবা বিক্রির কার্যক্রম শুরু করেন । ২০২৬ সালে ধানাটা গ্রামের কয়েকজন যুবক রুমানকে তাঁর বাড়িতে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ আটক করেন বলে স্থানীয়রা দাবি করেন। ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল। তবে আটকের পর স্থানীয় কয়েকজনের হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে তথ্য রয়েছে।

রুমানকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলা থেকে নাম বাদ দেওয়ার নামে অর্থ লেনদেনের অভিযোগ।২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করানোর বিষয়ে ভূমিকা রাখার পাশাপাশি পুলিশের নাম ভাঙিয়ে মামলার চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যক্তি জানান, রুমানের সঙ্গে বিভিন্ন মহলের যোগাযোগ রয়েছে—এমন বিশ্বাস থেকে তাঁরা চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার আশ্বাসে ৫০ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন। তাঁদের আরও অভিযোগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের কাউকে গ্রেপ্তার করানোর পর আবার তাঁদের ছাড়ানোর জন্যও রুমান নিজেই তদবির করেন।

একদিকে নিজে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করানো এবং পরবর্তীতে তাঁদের ছাড়ানোর জন্য তদবির করার অভিযোগ বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয়দের প্রশ্ন, এত অভিযোগের পরও রুমান কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন? কারা তাঁকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন? কোনো প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বিএনপি নেতা সুমন বলেন, “বিএনপির মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগ সরকারের আমলে পৌরসভার সামনে রুমান আমাকে ধাওয়া করেছিল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নেতা সিহাব বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের আগেও রুমানরা অস্ত্র হাতে নিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পাশাপাশি অনেক শিক্ষার্থীকে মেসেজের মাধ্যমে হুমকি দিয়েছিল। বর্তমানে তাঁকে ধানাটা বয়লার ও ব্রিজের পাড় এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যায়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

এলাকাবাসীর দাবি, রুমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে তাঁর পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তিদেরও চিহ্নিত করা হোক। একই সঙ্গে অনলাইন জুয়া, মাদক কারবার, অর্থ লেনদেন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

অন্যদিকে অনলাইন ক্যাসিনো এজেন্ট রুমান মিয়ার নাম্বারে কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24