
মোঃ শাহাদাত হোসাইন পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এফ. এম. এ. রাজ্জাকের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে যান পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস)।
জানা গেছে, অ্যাডভোকেট রাজ্জাক দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন রয়েছেন।
ডা. আব্দুল মজিদ তাঁর বাসায় গিয়ে শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন, প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শ প্রদান করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, সমাজ ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন মানুষের সুস্থতা সবার জন্যই কাম্য। মানবিক সহমর্মিতা ও আন্তরিক খোঁজখবর একজন রোগীর মানসিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি কথা বলেন এবং চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
স্থানীয় সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অ্যাডভোকেট এফ. এম. এ. রাজ্জাকের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁর সুস্থতা ও স্বাভাবিক জীবনে দ্রুত প্রত্যাবর্তনের জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে।