
নওয়াপাড়া থেকে ফুলতলা রুটে চলাচলকারী ইজি বাইক ও থ্রি-হুইলারের নতুন ভাড়ার তালিকা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। সম্প্রতি “থ্রি-হুইলার ও ইজি বাইক মালিক সমিতি” কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে ‘তেলের দাম বৃদ্ধি’র কথা উল্লেখ করা হয়েছে।
অথচ এই রুটে চলাচলকারী অধিকাংশ ইজি বাইকই ব্যাটারিচালিত এবং বিদ্যুতের ওপর নির্ভরশীল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকায় দেখা যায়, নওয়াপাড়া থেকে ফুলতলা পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। এছাড়া বেজেরডাঙ্গা, রাজঘাট ও তালতলাসহ বিভিন্ন গন্তব্যেও ভাড়া বাড়ানো হয়েছে।
তালিকার নিচে স্পষ্টাক্ষরে লেখা রয়েছে, “তেলের দাম নতুন করে বৃদ্ধি পাওয়ায় গাড়ীভাড়া বাড়ানো হলো।”
সাধারণ যাত্রীদের প্রশ্ন, যে যান চলে বিদ্যুতে, সেখানে তেলের দাম বৃদ্ধির অজুহাতে ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক? তারা বলছেন, কোনো প্রকার তদারকি না থাকায় মালিক সমিতিগুলো নিজেদের ইচ্ছেমতো অদ্ভুত সব কারণ দেখিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে।
ব্যাটারিচালিত ইজি বাইকে তেলের দোহাই দিয়ে ভাড়া বৃদ্ধির এই ঘটনাকে প্রশাসনের চোখের সামনে প্রকাশ্য প্রতারণা হিসেবেই দেখছেন ভুক্তভোগীরা। অবিলম্বে এই অযৌক্তিক ভাড়া কমিয়ে যাত্রী ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন নওয়াপাড়া ও ফুলতলাবাসী।