
মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: এইচএসসি পরীক্ষা-২০২৬-এর প্রকাশিত ফলাফলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ৭৩ দশমিক ২৮ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ ছাড়া ফলাফলের ভিত্তিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের শীর্ষ ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮তম স্থান অধিকার করেছে কলেজটি। ঠাকুরগাঁও জেলার সরকারি ও বেসরকারি কলেজগুলোর মধ্যে সম্মিলিতভাবে তৃতীয় এবং বেসরকারি কলেজগুলোর মধ্যে জেলায় প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবছরের মতো এবারও ফলাফলের দিক থেকে এগিয়ে রয়েছে কলেজটি। তবে এবারের ফলাফলে আরও এক ধাপ এগিয়ে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। ভালো ফলাফলের বিষয়ে কলেজটির অধ্যক্ষ বদরুল ইসলাম বলেন, আমাদের কলেজের শিক্ষকরা সবসময় পাঠদানে বেশ মনোযোগী। এ ছাড়া শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়নের জন্য বেশি বেশি পরীক্ষা গ্রহণ, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা কলেজ হোস্টেলে পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি, প্রতিটি মূল্যায়ন পরীক্ষা শেষে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা এবং তাঁদের মূল্যবান পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এসব উদ্যোগ শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।