
ডেক্স রিপোর্ট
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সহিস্যা বালিকা দাখিল মাদরাসায় ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভবন নির্মাণের কাজ পরিদর্শন করেছেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় মাদরাসাটিতে এই নতুন ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে সন্তোষ প্রকাশ পেয়েছে।
নতুন এই ভবনটি শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘদিনের প্রয়োজন পূরণ হওয়ায় মাদরাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের পাঠদানের সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।
ভবনটি পরিদর্শনকালে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মাদরাসার সুপার, শিক্ষকবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের প্রচেষ্টাকে স্বাগত জানান। তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নতুন ভবনটি এলাকার শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকবে।
এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও বাউফলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।