
আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকার একটি কারখানায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (২২ জুন) বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কারখানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল তৈরি ও মজুদের দায়ে মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেন। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।
জব্দকৃত ভেজাল লুব অয়েল, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।