
মোঃ হারুন উর রশীদ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ (এডিপি) থেকে বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, প্যাডেল ভ্যান, সিলিং ফ্যান, ফুটবল ও স্কুল বেঞ্চ বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল চারটায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এবং সহকারী সেক্রেটারি শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।
অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের বাছাইকৃত উপকারভোগী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ৪টি ব্যাটারিচালিত ভ্যান, ৪৬টি সেলাই মেশিন, ৫৫টি বাইসাইকেল, ৫৫টি সিলিং ফ্যান, ৩০ জোড়া স্কুল বেঞ্চ এবং ফুটবল।
বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।