
স্টাফ রিপোর্টার:- আল ইমরান
গোপালগঞ্জের কাশিয়ানীতে আগামীকালের লকডাউনকে কেন্দ্র করে বুধবার সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল চলাকালে উত্তেজিত জনতা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে কাশিয়ানী উপজেলা সদরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামীকালের লকডাউন উপলক্ষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিল থেকে “জয় বাংলা” স্লোগান দিয়ে উত্তেজিত জনতা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে অগ্নিসংযোগ করে বলে স্থানীয়রা জানান।
একই সময়ে পাশে থাকা গ্রামীণ ব্যাংকেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের ভেতরে থাকা আসবাবপত্র ও কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঘটনার পরপরই উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে ভীতি দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখা গেছে।
এ বিষয়ে এখনো কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
এদিকে এ ঘটনার পর কাশিয়ানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আগামীকালের লকডাউনকে ঘিরে আরও উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।