
মোহাম্মদ হোসাইন: টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীর থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের তথ্য পেয়ে জাদিমোড়া পোস্টসংলগ্ন কেওড়াবাগানে অবস্থান নেয় বিজিবি। দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ছোট নৌকায় জেলের ছদ্মবেশে দুই সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।
নৌকাটি নদীর বাংলাদেশ অংশের তীরে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় তারা সঙ্গে থাকা জাল ফেলে নৌকাযোগে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া জাল তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।