
স্টাফ রিপোর্টার:- আল ইমরান
গোপালগঞ্জের কাশিয়ানীতে বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকাল ৩ টার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা, উপজেলা সমাজসেবা অফিসার সৌরভ রেজা শিহাব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম ও উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি হাতে নিয়েছে। গত ২০ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান এর পাইলট কার্যক্রম উদ্বোধন করেন। পাইলটে ৪৪ জেলার ৫৩ উপজেলায় ১ লাখ ১৩ হাজার পরিবারের তথ্য সংগ্রহ করে ৭২ হাজার ৮৩১ জন নারীকে কার্ড দেওয়া হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে বিতরণ করা হবে। এজন্য ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য ম্যাপ (PMT) অনুযায়ী ফ্যামিলি স্কোর ৮৬০ বা তার কম পাওয়া নারী প্রধান পরিবার ভাতার যোগ্য হবেন।
কাশিয়ানী উপজেলায় ১০০ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের মাধ্যমে আজ থেকে মহেশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। তারা ট্যাবলেটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে সরাসরি অনলাইন ডাটাবেজে পাঠাবেন। ডিসেম্বর ২০২৬ এর মধ্যে সারাদেশে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চলতি বছর ৪০ লাখ নারীকে Dual Chip, QR Code ও NFC সম্বলিত Taka Pay কার্ড দেওয়া হবে, যা দিয়ে এটিএম, POS ও MFS এর মাধ্যমে ভাতা তোলা যাবে।