
ডেক্স রিপোর্ট
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-০৬, সদর কোম্পানির আভিযানিক দল অদ্য ২১ই জুন ২০২৬ ইং তারিখ বিকেল ১৬:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলিতে অভিযান পরিচালনা করে বাগেরহাটের চিতলমারী থানার চাঞ্চল্যকর আমির হামজা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি *১। মোঃ ফয়সাল বাদশা (৩৩), পিতা: মোঃ ফরিদুল ইসলাম,* সাং: দক্ষিণ টুটপাড়া, থানা: খুলনা সদর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, ধৃত আসামি ফয়সাল বাদশাসহ মামলার এজাহার নামীয় অন্যান্য আসামিরা গত ২৬/০৩/২৬ ইং তারিখ পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেল যোগে দলবদ্ধ হয়ে বাদীর বাড়িতে অবৈধভাবে প্রবেশ করতঃ বাদীর ছেলে নিহত আমির হামজাকে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এসে ভিকটিমকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা মেহেরুন্নেসা চিতলমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বাগেরহাট জেলার চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।