
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় পুলিশ মহাপরিদর্শকের সফর এবং আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দিতে গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হন। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল আইজিপিকে সুসজ্জিত গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে বিকেল ৪টার সময় প্রধান অতিথি হিসেবে ইন্সপেক্টর জেনারেল গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
উক্ত সভায় গোপালগঞ্জ ছাড়াও ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার পুলিশ সুপারগণ এবং সংশ্লিষ্ট জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্য ও সিভিল স্টাফগণ মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে তাঁদের বিভিন্ন প্রতিবন্ধকতা, পেশাগত সমস্যা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
আইজিপি অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে সকলের কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের দৃঢ় আশ্বাস প্রদান করেন।
জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পুলিশকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক বজায় রাখা এবং বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে তিনি উপস্থিত সকলের প্রতি বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।