
জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কংগ্রেস। শুক্রবার বিকেলে ঢাকার বাংলা মোটর মোড়ে আয়োজিত এ মানববন্ধনে দলের নেতৃবৃন্দ মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার দাবি জানান।
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দলের মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ হাসান শেঠসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে। উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বৃদ্ধি পাবে, যা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য নতুন সংকট সৃষ্টি করবে।
মানববন্ধনে মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম বলেন, “দেশে এমনিতেই উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মানুষ চরম কষ্টে রয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। সরকারকে জনগণের ক্রয়ক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।”
তিনি আরও বলেন, জ্বালানি খাতে দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর না করে বারবার মূল্য বৃদ্ধি কোনো স্থায়ী সমাধান হতে পারে না। খাতটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, জনগণের মতামত উপেক্ষা করে ধারাবাহিকভাবে নিত্যপ্রয়োজনীয় সেবা ও পণ্যের মূল্য বৃদ্ধি সামাজিক বৈষম্য আরও বাড়িয়ে দেবে। তিনি জ্বালানি খাতের সকল সিদ্ধান্ত গ্রহণে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে বাংলাদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং জনগণের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।