
আবু মুসা, কক্
কক্সবাজারের টেকনাফে অপহৃত ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ ঘটনায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই বাহিনীর পৃথক অভিযানে উখিয়ার ক্যাম্প-১৬ এলাকা থেকে অপহরণ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এসআরবি-১৫-এর তথ্যমতে, উখিয়া থানায় গত ১৪ অক্টোবর দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্রকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এর ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় এসআরবি-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং)-এর একটি দল।
অভিযানে সাইমুল ইসলাম সিফাত (১২) নামের ওই মাদ্রাসাছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন (৩৫) ও ফরিদ আলম (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার জাকির হোসেন টেকনাফের কচ্ছপিয়া এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার ফরিদ আলম একই উপজেলার পানখালী এলাকার বাসিন্দা।
অন্যদিকে, গত ১৭ অক্টোবর বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উখিয়া থানার ক্যাম্প-১৬ এলাকায় অভিযান চালিয়ে সামছুল হক ওরফে বেলাল (২৬) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫ জানিয়েছে, তিনি অপহরণ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত।
গ্রেপ্তার সামছুল হক রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এফসিএন-২৩৯৪৩৮ নম্বরধারী বাসিন্দা। তাঁর ঠিকানা ক্যাম্প-১৬-এর এ/৪ ব্লক।
এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্র ও অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুজনকে এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।