1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

প্রশ্নের সুযোগ নেই, বন্ধ ক্যামেরা: খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা

খুলনা রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিমের আয়োজিত সাংবাদিকদের সঙ্গে পরিচয় ও মতবিনিময় সভায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভায় সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ না দেওয়া এবং ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বয়কট ও কক্ষ ত্যাগ করেছেন খুলনার সাংবাদিকরা।

​রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার অংশ হিসেবে এই সভার আয়োজন করেছিলেন নতুন ডিআইজি।
​সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, ‘মতবিনিময় সভা’ নামে আয়োজন করা হলেও সাংবাদিকদের কেবল নিজেদের পরিচয় দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি, আন্তঃজেলা অপরাধ প্রবণতা কিংবা পুলিশের কার্যক্রম নিয়ে গণমাধ্যমকর্মীরা কোনো প্রশ্ন তুলতে গেলে তাঁদের থামিয়ে দেওয়া হয়। একই সঙ্গে পেশাগত কাজের অংশ হিসেবে ক্যামেরা ও ভিডিও রেকর্ডারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন একপক্ষীয় আচরণ ও ক্যামেরাভীতির প্রতিবাদে তাৎক্ষণিকভাবে খুলনা প্রেসক্লাবের সভাপতিসহ সাংবাদিকরা একযোগে সভা বর্জন করেন।

​ঘটনার পর খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার বলেন, “সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সভায় তাঁদের প্রশ্ন করার অধিকার কেড়ে নেওয়া কিংবা ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা দেওয়া নজিরবিহীন ও অযৌক্তিক। সাংবাদিকরা কী প্রশ্ন করবেন বা কীভাবে কাজ করবেন, তা এভাবে নির্ধারণ করে দেওয়া যায় না। এমন পরিস্থিতিতে আমরা বাধ্য হয়ে সভা বর্জন করেছি।”

​সাংবাদিকদের আরও অভিযোগ, দায়িত্ব গ্রহণের পর থেকেই খুলনা রেঞ্জের ডিআইজির বক্তব্য পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। সংবাদ বা কোনো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বারবার ফোন, খুদে বার্তা কিংবা সরাসরি সাক্ষাতের চেষ্টা করেও তাঁর সাড়া পাওয়া যাচ্ছে না। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যোগাযোগ করা হলে তাঁকে না পেয়ে হোয়াটসঅ্যাপ বা সহকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে।

​গণমাধ্যমকর্মীরা মনে করেন, মাঠপর্যায়ের কোনো ঘটনার জন্য জেলা পুলিশ সুপারের বক্তব্য প্রয়োজন হলেও গোটা রেঞ্জের আন্তঃজেলা অপরাধ দমন, পুলিশের সার্বিক কার্যক্রম ও সমন্বিত অভিযানের বিষয়ে রেঞ্জ ডিআইজির বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুলনায় সম্প্রতি জননিরাপত্তা ও অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য পুলিশের ঊর্ধ্বতন প্রশাসনের কাছ থেকে তথ্য পাওয়া জরুরি। এ ধরনের যোগাযোগের অভাব সঠিক সংবাদ পরিবেশনে বড় অন্তরায় তৈরি করছে।

​এদিকে, সাংবাদিক বর্জন ও তাঁদের ক্ষোভের বিষয়ে বক্তব্য জানতে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিমের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24