
অনলাইন ডেস্ক:
অনলাইনে মাদকদ্রব্য কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা আর্থিক লেনদেনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
বিল অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদকদ্রব্যের কেনাবেচা, সরবরাহ, প্রচার-প্রচারণা, বিজ্ঞাপন, মধ্যস্থতা কিংবা এ-সংক্রান্ত আর্থিক লেনদেনে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় এসব ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
একই দিন (১৪ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর মাদক বাণিজ্য নিয়ন্ত্রণে আরও কার্যকর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতেই এ সংশোধনী আনা হয়েছে।