
বাগেরহাট জেলা প্রতিনিধি:নির্মল পাল
বাগেরহাটের রামপাল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) সুভাষ চন্দ্র পালের বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের ওষুধ অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুলাই ২০২৬, বুধবার, দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার এক হাঁস খামারি তাঁর হাঁসের বাচ্চার চিকিৎসার জন্য রামপাল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে যান। এ সময় কর্তব্যরত কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় প্রায় দ্বিগুণ দামে ওষুধ বিক্রি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী এবং স্থানীয় সচেতন যুবসমাজ ওই কর্মকর্তার কাছে অতিরিক্ত মূল্য নেওয়ার কারণ জানতে চান। অভিযোগ অনুযায়ী, তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে বিভিন্ন অজুহাত দেন এবং দাবি করেন, লোকজনের ভিড়ে ভুলবশত এমনটি হয়েছে।
তবে অভিযোগকারীদের দাবি, ঘটনার একটি গোপন ভিডিওতে দেখা যায়, সে সময় সেখানে মাত্র তিনজন ব্যক্তি উপস্থিত ছিলেন, ফলে “লোকজনের ভিড়” থাকার দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
স্থানীয় একাধিক ভুক্তভোগী ও সাধারণ মানুষের অভিযোগ, সরকারি ওষুধ বিতরণে অনিয়মের বিষয়টি নতুন নয়। তাঁদের দাবি, দরিদ্র ও প্রান্তিক খামারিরা হাসপাতালে ওষুধ নিতে এলে প্রায়ই “ওষুধ নেই” বলে ফিরিয়ে দেওয়া হয়। পরে সেই সরকারি ওষুধই গোপনে অধিক মূল্যে বিক্রি করা হয় বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।