1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:

উপকূলীয় অঞ্চলের হারিয়ে যেতে বসা উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ, সম্প্রসারণ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে দেশীয় অচাষকৃত শাক-পাতার পরিচিতি বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’। মেলায় সাতটি স্টলে ১২৮ প্রজাতির অচাষকৃত শাক ও ঔষধি উদ্ভিদ প্রদর্শন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর তীরবর্তী দক্ষিণ বড়কুপট গ্রামে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

আটুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় এলাকার নবীন-প্রবীণ, যুবক, জেলে, কৃষকসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডল, প্রকল্প কর্মকর্তা আলিমুজ্জামান, সমাজসেবক গৌতম মণ্ডল এবং মাঠকর্মী দেবদাস মণ্ডল ও সাইদুল ইসলাম প্রমুখ।

মেলায় প্রদর্শিত শাক-পাতার পরিচিতি, পুষ্টিগুণ, ঔষধি ব্যবহার ও পরিবেশগত গুরুত্ব দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। আয়োজকদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা, লবণাক্ততা, নদীভাঙন, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ উপকূলীয় জনজীবনকে প্রতিনিয়ত বিপর্যস্ত করছে। বিশেষ করে মাটির ও পানির লবণাক্ততা বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের কারণে স্থানীয় অনেক দেশীয় উদ্ভিদ ও অচাষকৃত শাক-পাতা হারিয়ে যাচ্ছে। এতে স্থানীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

মেলায় নারী উন্নয়ন সংগঠনের নেত্রী পারুল রানী বলেন, ‘আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারছি, আমাদের এলাকা থেকে কত ধরনের শাক-পাতার বৈচিত্র্য হারিয়ে গেছে। একসময় বাড়ির আশপাশেই এসব শাক সহজে পাওয়া যেত। কিন্তু অতিরিক্ত লবণাক্ততার কারণে এখন অনেক উদ্ভিদ আর জন্মায় না। জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী না হয়েও সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছি। তাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর কাছে আমাদের দাবি, উপকূলের মানুষের এই ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি স্বপন বৈদ্য বলেন, ‘আমরা উপকূলের মানুষ প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে টিকে আছি। লবণাক্ততা বৃদ্ধির ফলে আমাদের প্রাণবৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকায়। আজকের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম বিলুপ্তপ্রায় অনেক অচাষকৃত শাক ও উদ্ভিদ একসঙ্গে দেখার পাশাপাশি সেগুলোর গুণাগুণ সম্পর্কেও জানতে পারছে।’

মেলার স্টলদাতা সুজাতা মণ্ডল বলেন, ‘দক্ষিণ বড়কুপট গ্রামের চারপাশে লবণাক্ত পানি। একদিকে নোনা পানির চিংড়ি ঘের ও কাঁকড়ার প্রকল্প, অন্যদিকে খোলপেটুয়া নদী। এখানকার মাটি, পানি ও বাতাসেও লবণাক্ততার প্রভাব রয়েছে। ফলে আগের মতো সব ধরনের শাকসবজি ও উদ্ভিদ এখন আর জন্মায় না।

আমরা বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে যেখানে এখনো মিঠাপানির আধার রয়েছে, সেখান থেকে এসব শাক-পাতা সংগ্রহ করেছি। এলাকায় মিঠাপানির পুকুর ও জলাধার সংরক্ষণ করা গেলে এসব উপকারী শাক-পাতা সহজেই সংরক্ষণ ও চাষ করা সম্ভব হবে। পাশাপাশি মানুষের পুষ্টিচাহিদা পূরণেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

মেলায় এককভাবে সর্বাধিক ১২৮ প্রজাতির উদ্ভিদ প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেন অর্চনা রানী। দ্বিতীয় হন অলি রানী এবং তৃতীয় স্থান অর্জন করেন মালতি রানী।

আয়োজকদের আশা, এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে হারিয়ে যেতে বসা দেশীয় উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণের আগ্রহ বাড়বে। একই সঙ্গে নতুন প্রজন্ম প্রকৃতিনির্ভর খাদ্যাভ্যাস, স্থানীয় সম্পদের ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24