
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার আত্রাই উপজেলার তারাটিয়া বড় ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়ার সংবাদ প্রকাশের পরই সংস্কারকাজ শুরু হয়েছে। দ্রুত উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে নেওয়া এ পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে নির্মাণের মাত্র তিন মাসের মাথায় ব্রিজটির সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়ে। এতে বহু প্রতীক্ষিত ব্রিজটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলাচল করতে বাধ্য হন। সামান্য বৃষ্টি ও পানির প্রবাহেই সংযোগ সড়ক ধসে যাওয়ায় নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়।
গণমাধ্যমে বিষয়টি গুরুত্বসহকারে প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কারকাজ শুরু করে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় সাময়িক স্বস্তি মিললেও শুধু সংস্কার করলেই দায়িত্ব শেষ হবে না।
এলাকাবাসীর দাবি, ব্রিজ নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বা দায়িত্বে অবহেলা হয়ে থাকলে তা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানিয়েছেন তারা।
এদিকে ব্রিজের প্রকল্প ফলকে উদ্বোধনের তারিখ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মতে, এটি প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এ বিষয়টিও তদন্তের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এলাকাবাসীর প্রত্যাশা, চলমান সংস্কারকাজ যেন দ্রুত, মানসম্মত ও টেকসইভাবে সম্পন্ন করা হয়, যাতে ভবিষ্যতে একই ধরনের ঘটনা আর না ঘটে এবং সাধারণ মানুষ নিরাপদে ব্রিজটি ব্যবহার করতে পারেন।