
জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে তিনটি শিশুসহ ৯ জন নারী-পুরুষকে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বাংলাদেশ অভ্যন্তরে পুশইন করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাঁধার মুখে তারা প্রবেশ করতে পারেননি।
বুধবার সকাল ৪ টার দিকে আদাতলার উত্তর পাতাড়ী এলাকা দিয়ে এই চেষ্টা করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ ব্যাটালিয়ন ১৬ থেকে বিবৃতি জানিয়েছেন, আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ০৯ জন ব্যক্তিকে (০৩ জন পুরুষ, ০৩ জন নারী এবং ০৩ জন শিশু) বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করে।
আরো বলা হয়, আদাতলা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তারা শূন্য লাইনে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ওই এলাকায় টহল বাড়ানো হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।
উল্লেখ্য, গত ৫ জুন ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার বাঁধার মুখে বিএসএফ তাদের ফেরত নিয়ে যায়।
জাহাঙ্গীর আলম মানিক সাপাহার নওগাঁ প্রতিনিধি মোবাইল নং০১৭৪০৬২৭৭৪৮