
মোঃ শিহাব উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিপুল ইয়াবাসহ বিভিন্ন মামলায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি একজন, বৈষম্যবিরোধী মামলার আসামি একজন, মাদকসেবী হিসেবে শনাক্ত ১৮ জন, ডাকাতি মামলার আসামি একজন এবং আদালতের পরোয়ানাভুক্ত তিনজন রয়েছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তার রোমান মিয়া (৩২) সোনারগাঁয়ের মোগারচর এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার কামরুজ্জামান ভূইয়া (৬০) জামপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে তাঁর রাজনৈতিক পরিচয় হিসেবে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ডাকাতি মামলায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিরফুল গ্রামের সাইফুল মিয়া (২২) এবং আদালতের পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দুজন সোনারগাঁয়ের কোবাগা ও কলতাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদকসেবী হিসেবে শনাক্ত ১৮ জনের মধ্যে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকজনও রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।