
মোঃ রয়িসুল সরকার রোমন
লালমনিরহাট প্রতিনিধি :
দীর্ঘদিন বেহাল দশায় পড়ে থাকার পর অবশেষে লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সংস্কার ও সাজসজ্জার কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে ঝিমিয়ে পড়া কার্যালয়টিতে আবার প্রাণচাঞ্চল্য ও নতুন করে বসার পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় নেতাকর্মীরা।
জানা গেছে, ২০২৩ সালের ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতাল চলাকালে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আদিতমারী উপজেলা বিএনপির পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। সে সময় পার্টি অফিসের সাইনবোর্ড, প্রবেশদ্বার, ঘরের টিন ও মূল ভবনের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পতনের পর ওই ঘটনাকে কেন্দ্র করে আদিতমারী থানায় আওয়ামী লীগের ৮০ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৩০০-৩৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকার পর, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্দেশে আজ শুক্রবার দলীয় কার্যালয়টি নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। আদিতমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বাবু প্রামাণিকের ব্যক্তিগত অর্থায়নে এই সংস্কার কাজ পরিচালনা করা হচ্ছে।
সংস্কার কাজের অংশ হিসেবে কার্যালয়ের ভাঙা অংশ মেরামত, নতুন দরজা-জানালা ও সাইনবোর্ড স্থাপন এবং পুরো ভবনটি আকর্ষণীয় রঙে সাজিয়ে তোলা হচ্ছে।
এ বিষয়ে আদিতমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বাবু প্রামাণিক জানান, “আমাদের অভিভাবক, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নির্দেশে উপজেলা বিএনপির পক্ষে আমি এই পার্টি অফিস সংস্কারের দায়িত্ব নিয়েছি। খুব দ্রুতই এর কাজ শেষ হবে এবং দলীয় নেতাকর্মীরা আবার সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে তাঁদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।”
পার্টি অফিসের কাজ শুরু হওয়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।