
শামিম বেপারী সাভার আশুলিয়া
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ১নং শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইন্টার স্টপ ফ্যাক্টরি থেকে সুলতানের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদার সাগরে পরিণত হয়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর, এমনকি গভীর স্থানে গলা পর্যন্ত কাদা জমে যায়। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, গার্মেন্টস শ্রমিক, শিক্ষার্থী ও রোগীদের।
স্থানীয়রা জানান, এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন শত শত গার্মেন্টস কর্মী, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু বৃষ্টির সময় রাস্তাটি এতটাই বেহাল হয়ে পড়ে যে হেঁটে চলাচল করাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়। অনেকেই পা পিছলে পড়ে আহত হন। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও হয়ে পড়ে দুরূহ।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম বিষয়টি অবগত থাকলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
স্থানীয়দের ভাষ্য, একটি গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর সংস্কারবিহীন থাকায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। দ্রুত রাস্তাটি পাকা বা সংস্কার করা না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি মাননীয় সংসদ সদস্য ডা: মোহাম্মদ সালাউদ্দিন বাবুর কাছে তারা আবেদন জানিয়েছেন, জনস্বার্থ বিবেচনায় দ্রুত ইন্টার স্টপ ফ্যাক্টরি থেকে সুলতানের বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণের জন্য।