
মোহাম্মদ সবুর শেখ।
ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
খুলনার ফুলতলার বহুল আলোচিত অলিফ রোহান হত্যা মামলার প্রধান আসামি তাসিন মোড়লকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ (অপ্রাপ্তবয়স্ক নারী ও শিশু আদালত) এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে মামলার প্রধান আসামি তাসিন মোড়লের অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি পৃথক করে অপ্রাপ্তবয়স্ক নারী ও শিশু আদালতে স্থানান্তর করা হয়। মামলাটির নম্বর ছিল ৫২/২৩।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামরুন নাহার হেনা জানান, দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ এবং মামলার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে সোমবার আদালতের বিচারক আলমাচ মৃধা এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৩১ মার্চ দুপুরে ফুলতলা এম এম কলেজ প্রাঙ্গণে প্রকাশ্যে দিবালোকে ছুরিকাঘাতের শিকার হন কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ও পায়গ্রাম কসবা গ্রামের বাসিন্দা সৈয়দ অলিফ রোহান (১৯)। তিনি সৈয়দ আবু তাহেরের ছেলে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যরা পরিকল্পিতভাবে অলিফ রোহানের ওপর হামলা চালায়।
এ ঘটনায় ২০২২ সালের ১ এপ্রিল নিহতের বাবা সৈয়দ আবু তাহের বাদী হয়ে ফুলতলা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন তাজপুর এলাকার জাহাঙ্গীর মোড়লের ছেলে তাসিন মোড়ল। অন্য আসামিরা হলেন সাব্বির ফরাজি, দীপ্ত সাহা, শান্ত গাজী ও শেখ আবু হাসানাত।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আসামি দীপ্ত সাহাকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যাকাণ্ডের পরিকল্পনা ও কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলাটি পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে হস্তান্তর করা হয়। তবে নিহতের পরিবারের অভিযোগ, মামলার দুই আসামি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সৌদি আরবে পালিয়ে গেছেন।
রায় ঘোষণার পর নিহত অলিফ রোহানের পরিবার ও স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করলেও, মামলার অন্যান্য প্রাপ্তবয়স্ক আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।